শাহীন সুলতানা, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন এবং জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের অবদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।”
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।
এর আগে বিকেলে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।