মোঃ মাসুদ সরকার, ধামইরহাট জেলা প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম এবং মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার ও আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও আলোচনা সভায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন