পোরশা উপজেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মেডিকেল মোড়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ রিপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম মিঠু ও খায়রুল ইসলাম গোল্ডেন। এছাড়া উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি আমির সাগর আলী, জাতীয় পার্টি পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, চিকিৎসক ডা. আরিফ হোসেন, ডা. ইমামুল আরেফিন, ডা. এমদাদুল হক ও ডা. সুমাইয়া আক্তারসহ স্থানীয় সুধীজন।
এ সময় পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি-র দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুনুর রশিদ রিপন বলেন, পোরশার নিতপুরে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু স্থানীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহজলভ্য স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান স্থানীয় মানুষের প্রয়োজনীয় রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি যেন ব্যবসায়িক চিন্তার পাশাপাশি মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা, সময়মতো রিপোর্ট প্রদান এবং সেবার মান বজায় রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, পোরশা উপজেলার সাধারণ মানুষ যাতে হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের সুবিধা পান, সেদিকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেবার মান ও ব্যয়ের মধ্যে সমন্বয় রাখার আহ্বান জানান তিনি।
কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি বলেন, পোরশা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় এবং মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য যাতে স্থানীয় মানুষকে দূরবর্তী শহরে যেতে না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সেবার মান, নির্ভুলতা, স্বচ্ছতা এবং রোগীদের প্রতি আন্তরিক আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনই কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং পোরশার মানুষের স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে,এটাই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানসম্মত ও সহজলভ্য সেবা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি পোরশা উপজেলার স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে সক্ষম হবে।
স্থানীয়রা জানান, নিতপুর মেডিকেল মোড়ে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় রোগ নির্ণয়ের জন্য পোরশার মানুষকে দূরবর্তী এলাকায় যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাওয়ায় সাধারণ মানুষের সময়, শ্রম ও যাতায়াত ব্যয়ও সাশ্রয় হবে বলে তারা আশা প্রকাশ করেন। নিতপুর মেডিকেল মোড়, পোরশা, নওগাঁয় প্রতিষ্ঠিত কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার আধুনিক, নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তাদের যাত্রা শুরু করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন