মোঃ মাসুদ সরকারধামইরহাট নওগাঁ
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা আতাউর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধামইরহাটে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে আরও সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন