মোস্তাক আহমেদ বাপ্পি
প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর দক্ষিণপাড়া আল মদীনা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মো. মোজাম্মেল হকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহাসম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.) এবং মুহতামিম আল্লামা মুফতি মুবারকুল্লাহ (হাফি.)।
অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ ভূঁইয়া।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খতিব ও জামিয়া তা’লীমিয়া আদর্শনগর, ঢাকা-এর প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) বিশেষ বক্তা হিসেবে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আলকাছ মিঞা (টিপু) এবং ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ফরিদ মিয়া। সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরাম ইসলামের বিভিন্ন দিক, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। বক্তারা ধর্মীয় অনুশাসন মেনে চলা, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে সাদেকপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। এতে পুরো সম্মেলনস্থলে উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন