প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক বিরোধ ও দাঙ্গা প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার এবং প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গোষ্ঠীগত ও সামাজিক বিরোধ এবং দাঙ্গা নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পুলিশি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি।
তিনি প্রতিটি থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত ও অগ্রগতি তদারকি এবং জেলার গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন