মোছা. পারভীন আক্তারনিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরও প্রধান অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের পূর্ব নিশচিন্তপুর (দিগারকান্দা) এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা জানান, ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই এলাকার মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ১৫ আগস্ট হালুয়াঘাট থানায় মামলা করা হয়। তবে মামলা হওয়ার পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামলা দায়েরের পর অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুক্তভোগী কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই আত্মীয়স্বজনকে বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেছি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। মেয়ের ওপর হওয়া নির্যাতনের সুষ্ঠু বিচার এবং আসামির দ্রুত গ্রেপ্তার চাই।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। স্থানীয়দের দাবি, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন