শিশু ভূমিষ্ট হওয়ার পর যেমন যত্ন করেন, চারাটিকেও তেমন যত্ন করতে হবে: ইউএনও কামরুল ইসলাম
মোঃ মুক্তাদির হোসেন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন জাতের ১ হাজার ৭০০ চারা গাছ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউএনও এ. টি. এম কামরুল ইসলাম বলেন, “একটি গাছ শুধু আমাদের ফলই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা বিতরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ চারার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ অনেকে।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক বনায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। এরই অংশ হিসেবে ইউএনও এ. টি. এম কামরুল ইসলামের নির্দেশনায় তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৭০০ চারা বিতরণ করা হয়েছে।
তিনি পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন