নয়ন হোসেনঠাকুরগাঁও
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা সিজারমূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা মূল্যবান অবৈধ সাপের বিষ উদ্ধারে অভিযান চালানো হয়।
গত ১৩ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, দিনাজপুর ক্যাম্প, র্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়।
অভিযানে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন
১. মো. জাহাঙ্গীর আলম (৪৩)
২. মো. সালাউদ্দিন সান্জু (৪১)
৩. মো. আনিছুর রহমান (৫৫)
৪. উজ্জল আলী (৫৪)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে জানা গেছে। তারা এর আগেও বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত বিষও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ১৯ আগস্ট ২০২৬ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধারকৃত নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সাপের বিষ, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন