৪২ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
নয়ন হোসেন,
ঠাকুরগাঁও প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করেন। শনিবার (২২ আগস্ট ২০২৬) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করতে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
প্রধান অতিথি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এ ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিরল থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন