মোছা. পারভীন আক্তার,নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে জামালপুর শহরের কম্পপুর এলাকায় জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, “পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জামালপুরে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে। শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে জেলার বেকার সমস্যা অনেকাংশে কমে আসবে।
তিনি জানান, প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ একর জমির ওপর জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় তিনটি ছয়তলা ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও ওয়ার্কশপ ভবন। এছাড়া বাউন্ডারি ওয়ালসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ সম্পন্ন হলে জেলার শিক্ষার্থীদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন