মোঃ নয়ন হোসেনঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) রাত ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দেরহাট বিওপি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৪ থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন এবং ৮টি সিমকার্ড জব্দ করা হয়। আটকরা হলেন মোঃ রাজু (৩৩), শ্রী রতন কুমার রায় (৩২), উপম রায় (২৯), মোঃ রাকিব হোসেন (২৭) এবং মোঃ সাখাওয়াত আলী (১৯)।
পরে আটক ব্যক্তিদের জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, এর আগের দিন শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি পৃথক একটি অভিযান পরিচালনা করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/৬-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে আটক মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন