আব্দুল্লাহ আল নোমান
কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল রামু চৌমুহনী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে খারাংখালী থেকে রামুগামী একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক সিএনজিটি ফেলে পালিয়ে যায়।
পরে সিএনজিতে থাকা যাত্রী মোবারক হোছাইনকে সন্দেহজনক মনে হলে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
আটক মোবারক হোছাইন কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া এলাকার নাছর পাড়ার বাসিন্দা। এ ঘটনায় পলাতক সিএনজি চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন