মোঃ সাইফ উল্লাহস্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার এলাকায় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি ও পথচারীরা। বিদ্যালয়ের সামনের সরু রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
সোমবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে জানা যায়, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এর মাত্র কয়েক হাত দূরেই রয়েছে বাদশাগঞ্জ বাজার জামিয়া মসজিদ। এছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, বাজারের বিভিন্ন দোকান ও বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে ফেলা হচ্ছে। ফলে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে রাস্তা ও আশপাশের পরিবেশ আরও নোংরা হয়ে যায়। দুর্গন্ধের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, “রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও খুবই সরু। এই রাস্তা দিয়ে আমার বিদ্যালয়ের শিশুদের পাশাপাশি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। মাত্র কয়েক হাত দূরেই মসজিদ থাকায় মুসল্লিরাও এই রাস্তা ব্যবহার করেন। ময়লার দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়।”
তিনি আরও বলেন, আমাদের স্কুলের সরু রাস্তার গেটের সামনে আরেকটি জটিল সমস্যা হচ্ছে অটোস্ট্যান্ড। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ময়লা অপসারণের পাশাপাশি অটোস্ট্যান্ডটি সরিয়ে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা জরুরি।”
বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ শাহজাহান মিয়া বলেন, স্কুল ও মসজিদের সামনে ময়লার স্তূপ পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনকে দ্রুত এগিয়ে আসতে হবে।”
এলাকাবাসীর দাবি, বিদ্যালয় ও মসজিদের সামনে থেকে দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি প্রয়োজন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, স্কুল ও মসজিদের সামনে এ ধরনের ময়লার স্তূপ থাকা ঠিক নয়। এটি অবশ্যই পরিবেশদূষণ। আমি বিষয়টি দেখব। সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখে স্থায়ী সমাধানের চেষ্টা করব।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি অটোস্ট্যান্ডের সমস্যারও সমাধান করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন