মোছা. পারভীন আক্তার
জামালপুরে দুই সন্তানের মা ইশরাত জাহান মিমি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউসার আহমেদ খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামালপুর পিবিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার পংকজ দত্ত। তিনি জানান, দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক, অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলকে কেন্দ্র করে মিমিকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্ত ও আসামির জবানবন্দিতে উঠে এসেছে।
গ্রেপ্তার কাউসার আহমেদ খান জামালপুর শহরের মনিরাজপুর এলাকার রফিক খানের ছেলে। নিহত ইশরাত জাহান মিমি পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আবু সাইদের মেয়ে। পিবিআই সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় কাউসারের ‘রাফি স্টোর’ নামের মনোহারি দোকানে কেনাকাটা করতে গিয়ে মিমির সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও গোপনে ধারণ করে মিমি ওই ভিডিও দেখিয়ে কাউসারকে নিয়মিত ব্ল্যাকমেইল করতেন এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। মিমির পেছনে কাউসার তার সঞ্চয়ের টাকা ছাড়াও জমি বিক্রি এবং মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির অর্থ ব্যয় করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। পিবিআই আরও জানায়, মিমি নিজেও ইয়াবা সেবন করতেন এবং কাউসারকে ইয়াবা সেবনে জড়িয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলার জন্য কাউসারকে চাপ দিতেন তিনি। এসব বিষয় নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ঘটনার দিন মিমি কাউসারকে ফোন করে তার ভাড়া বাসায় ডেকে নেন এবং টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়ে দেন এবং কাউসার তার সঙ্গে আছেন বলে জানান।
পরে কাউসারের সঙ্গে তার স্ত্রীকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করা হলে কাউসার কথা বলতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কাউসার মিমির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। পরদিন ২৩ আগস্ট সকাল ১০টার দিকে জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া রেলগেট সংলগ্ন বাবুল মিয়ার ভবনের পঞ্চম তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে ইশরাত জাহান মিমির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিমির মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসারসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন