মোঃ মাসুদ সরকারধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পর্যায়ের বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) আয়োজনে অনুষ্ঠিত সমাবেশের প্রতিপাদ্য ছিল, জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো: শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপি ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা সারমিন। তিনি শিশু ও যুবদের উদ্দেশে বাল্যবিবাহের কুফল, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ, ভালো কাজে উৎসাহ প্রদান এবং সরকারের বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে তরুণদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পাশাপাশি অন্যদের কাউন্সেলিং ও সামাজিক কমিটির মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নে শিশু ও যুবদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা। সকাল ৯টায় নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্বে এপি পর্যায়ের শিশু ফোরামের সভাপতি, উপজেলা পর্যায়ের যুব ফোরামের সভাপতি এবং জাতীয় পর্যায়ের শিশু ও যুব উপদেষ্টা কমিটির সদস্যরা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা।
সমাবেশে শিশু ও যুব নেতৃবৃন্দ নিজেদের অনুভূতি, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তরুণদের সঠিক লক্ষ্য নির্ধারণে ‘মাই লাইফ, মাই ভিশন’ (আমার জীবন, আমার লক্ষ্য) শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া ডিজিটাল প্রজন্ম, বাংলাদেশের জন্য দায়িত্বশীল নেতৃত্ব” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা আধুনিক প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য, উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতামত গ্রহণ করা হয়। পরে এডিপি ম্যানেজার লাবলু খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সমাবেশে অংশগ্রহণকারী শিশু ও যুব নেতৃবৃন্দ নিরাপদ, সুন্দর ও শিশু-যুববান্ধব বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন