মোঃ জুয়েল মিয়াসড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ অ্যাম্বুলেন্স সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসক ও পুলিশের চলাচল সহজ করতে মোটরসাইকেল সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির ধারাবাহিকতায় গত পাঁচ মাসে বিভিন্ন খাতে একাধিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরই অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন রক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে ১০০টি অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও পুলিশের দ্রুত যাতায়াতের জন্য মোটরসাইকেল সুবিধা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে গতকাল এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার, এর মধ্যে আহতদের চিকিৎসার আওতায় আনা সম্ভব হলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব হবে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাজবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশের জরুরি সেবাব্যবস্থাও আরও কার্যকর হবে।
তাদের মতে, শুধু পরিকল্পনা গ্রহণ নয়, মাঠপর্যায়ে এর সুষ্ঠু বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবস্থাপনা এবং চিকিৎসক ও পুলিশের দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করাই হবে এই উদ্যোগের মূল সাফল্য। কার্যকরভাবে বাস্তবায়ন হলে এ ধরনের উদ্যোগ জনসাধারণের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন