শফিকুল ইসলাম (সুমন)মাগুরা:
মাগুরার শ্রীপুরে ভুয়া সিআইডি সদস্য পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাকোল পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি নোয়াহ মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি নাকোল পশ্চিমপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। বিষয়টি মাগুরা পুলিশ সুপার মো. আজাদ হোসেনকে জানানো হলে তাঁর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ‘সিআইডি’ লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত একটি নোয়াহ মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন
১. মোছা. আসামা খাতুন (৩১)
২. মো. হাসানুজ্জামান শাহান (২৮)
৩. মো. ওসমান গনি (২৫)
৪. সালমান শাহ (২৫)
৫. মো. ছাব্বির হোসেন (২২)
৬. মো. সারিক (২৩)
৭. মো. আল আমিন হোসেন (২২)।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিরা ভুয়া সিআইডি পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে অপহরণের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন