গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ
দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ এবং জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের আগে বীরগঞ্জ মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পর মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মডেল মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে শত শত মুসল্লি, নারী ও পুরুষ—উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মডেল মসজিদে যোহরের নামাজ আদায় শেষে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন