নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতরা হলেন, লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে ও মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে ও অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) এবং মো. শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়জন হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাতপরিচয় ওই পুরুষের মৃত্যু হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. হাবিবুর রহমান (২৪)**কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। পিকআপ ভ্যানসহ তাকে ভূল্লী থানায় নেওয়া হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় তিন যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন