মোস্তাফিজুর রহমান বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়ার জনবহুল ও গুরুত্বপূর্ণ সরাইল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মীর কামরুজ্জামান কবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
জানা গেছে, গাজীপুর জেলার সন্তান মীর কামরুজ্জামান কবির সরাইলে যোগদানের আগে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে তাঁর পূর্ব অভিজ্ঞতা সরাইল উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন ইউএনও মীর কামরুজ্জামান কবির উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তাঁর প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাইল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে। একই সঙ্গে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত হয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন নতুন ইউএনও।
সচেতন মহল মনে করছে, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে সরাইল উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন