গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ(দিনাজপুর) উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দোমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। দোমুখা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রহমান মামুন, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক।
গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী দোমুখা বাজার সংলগ্ন মাঠে ভিড় করেন। দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ উৎসাহের সঙ্গে খেলা উপভোগ করেন। স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। এসব লোকজ খেলাধুলার নিয়মিত আয়োজন করা হলে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে নতুন প্রজন্মও নিজেদের শেকড় ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন