রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক শ্রবণ ও বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন জন্মগতভাবে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। শনিবার দুপুরে তিনি রেললাইনে অবস্থান করছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, “শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেও শাহাব উদ্দিন কখনো কারও কাছে হাত পাততেন না। নিজের শ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন। স্বজনদের কাছে তিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনার বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন