মাসুদ সরকারধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বীরগ্রাম চারমাথা মোড় এলাকায় অবস্থিত দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে মাদ্রাসা প্রাঙ্গণে রোগীদের ভিড় জমে। ক্যাম্পে আগত রোগীদের চোখের ছানি, নেত্রনালীর সমস্যা, চোখে মাংস বৃদ্ধি ও অন্যান্য বিভিন্ন ধরনের চক্ষু সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থের অভাবে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিনামূল্যে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে তারা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন। দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “দুস্থ ও অসহায় অনেক মানুষ অর্থের অভাবে ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ উপকৃত হবেন।”
মাদ্রাসার পরিচালক মওঃ হাসান আলী বলেন, “মানুষের সেবায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসার মতো মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন