মোঃ আব্দুর রাজ্জাকফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষিকাজে ব্যবহৃত সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলারদের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার তিনকোনা মোড়ে জাতীয় কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রোপা আমন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কিছু অসাধু ডিলার ও খুচরা বিক্রেতা যোগসাজশ করে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ডিজিটাল স্লিপ বা ক্যাশ মেমো ছাড়া কৃষকদের কাছে সার বিক্রি না করায় সাধারণ ও প্রান্তিক কৃষকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থে দ্রুত বাজারে সারের সরবরাহ স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কুড়িগ্রাম জেলা সভাপতি সেকেন্দার আলী, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জিন্নুর রহমান মানিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা কৃষকদের হয়রানি বন্ধ করে দ্রুত ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন