মোঃ খাইরুল ইসলামনিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই কালিয়াকৈরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার, ফেস্টুন ও জাতীয় এবং দলীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন সড়ক।
কর্মসূচির শুরুতে সকাল ৭টায় কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কালিয়াকৈর বাসস্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজু উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “কালিয়াকৈরের মাটি বিএনপির ঘাঁটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।”
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরবর্তীতে সুবিধাজনক সময়ে বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন