হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৪১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
মোঃ নয়ন হোসেন
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন কারিগাঁও বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারিগাঁও বিওপির একটি বিশেষ টহলদল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৫/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাখালের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন