মো. আব্দুর রাজ্জাকফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘১১ দলীয় ঐক্য, ফুলবাড়ী, কুড়িগ্রাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এ সময় অংশগ্রহণকারীরা স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ‘গণভোটের গণরায় কার্যকর’ ও ‘জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করেন।
র্যালির সামনে বহন করা ব্যানারে লেখা ছিল, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল। ১১ দলীয় ঐক্য, ফুলবাড়ী, কুড়িগ্রাম।”
র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে জুলাইয়ের আন্দোলনের স্মৃতির প্রতি আবেগ ও আন্দোলনের চেতনার প্রতিফলন দেখা যায়। তারা আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মিরাজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী এবং ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শুরা সদস্য মাস্টার রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুধু ছাত্রসমাজের নয়, বরং সমগ্র গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। তারা দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।