মোহাম্মদ হোসাইন,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাস্থ চায়না দূতাবাসের সহযোগিতায় এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
‘Sustainable Opportunities for Livelihoods, Advancement and Resilience (SOLAR)’ শীর্ষক এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৩১ আগস্ট (সোমবার)। ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাল্টিপারপাস বিল্ডিংয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও উপসচিব মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
SOLAR কার্যক্রমের আওতায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৩২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ব্লক-বাটিক, মোবাইল ফোন সার্ভিসিং, গ্যাস বার্নার রিপেয়ারিং এবং ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার। এছাড়া ৬৭৫ জনকে সফট স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান, কর্মক্ষেত্রের আচরণসহ প্রয়োজনীয় জীবন ও কর্মদক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও জীবিকাভিত্তিক প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরতা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রধান অতিথি মো. শরিফুল ইসলাম বলেন, “দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবিকার জন্য তাদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ তাদের আত্মনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, “চায়না দূতাবাসের সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করছে। SOLAR কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এমন কিছু দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যা তাদের আত্মনির্ভরতা, জীবিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে এবং চায়না দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত এ কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর দক্ষতা, জীবিকা ও সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাদের আরও আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন