মোঃ আহসান হাবিব,আদমদীঘি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর ট্রেনের ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) রাতে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন ৪৪ বছর বয়সী ওই নারী। পরে ভুলবশত সিরাজগঞ্জগামী ট্রেন মনে করে তিনি ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগিতে উঠে পড়েন।
অভিযোগ রয়েছে, ট্রেনটি চলন্ত অবস্থায় ক্যান্টিনে থাকা ওই নারীকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনাটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর জেলার সীমানা এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সঙ্গে ট্রেনে কর্তব্যরত দুই পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তবে অভিযোগে দুই পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথা বলা হলেও মামলায় তাদের নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।
মামলার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশি পাহারায় বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন