নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন—ভূল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)। তাদের কাছ থেকে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভূল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বালিয়া ইউনিয়নের লক্ষীরহাটগামী সড়কে আশা এনজিও কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামিদুল ইসলাম ও মিজানকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় পলাতক অন্তরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভূল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান বাদী হয়ে হামিদুল ইসলাম, মিজান ও পলাতক অন্তরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করেছেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন