সাইফ উল্লাহ,
সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বর্ণাঢ্য শিক্ষাজীবন ও কর্মজীবন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান (Soil Science) বিভাগ থেকে তিনি স্নাতক (B.Sc.) ও স্নাতকোত্তর (M.Sc.) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (HRM) এমবিএ এবং ভারতের হায়দরাবাদে অবস্থিত নালসার (NALSAR) ইউনিভার্সিটি থেকে হিউম্যানিটেরিয়ান ল’ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতা
দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারণী ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), হাইওয়ে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) উল্লেখযোগ্য। এছাড়া তিনি খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ স্টাফ কলেজে ‘মেম্বার ডাইরেক্টিং স্টাফ’ (MDS) হিসেবে দায়িত্ব পালনকালে প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। তিনি আইভরি কোস্ট এবং দারফুর, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিলেট রেঞ্জে যোগদানের আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ, সংকট ব্যবস্থাপনা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। নতুন কর্মস্থলে তাঁর নেতৃত্বে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন