ফারজানা কবির রেশমি,
চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন। চার দিনের এ বর্ণাঢ্য আয়োজনে থাকছে নাট্য প্রযোজনা, স্মারক বক্তৃতা, সম্মাননা প্রদান ও পালাগানের পরিবেশনা। অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চস্থ হবে ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’ নাটক। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।
আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ‘৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান। এ ছাড়া অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রয়াত নাট্যজন জিয়া হায়দার-এর স্মরণে অনুষ্ঠিত হবে স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। এতে স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ড. ইউসুফ ইকবাল। চার দিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে খোলা মাঠে বসবে বিশেষ পালাগানের আসর। এতে ‘নোলক জানের পালা’ পরিবেশন করবে আহির বাংলা। পালাটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
আয়োজকেরা জানান, চার দিনের এ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পথচলাকে উদ্যাপন করা হবে। একই সঙ্গে চট্টগ্রামের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে অরিন্দমের দীর্ঘ অবদানের স্মৃতিও তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। আর ১৮ ও ১৯ সেপ্টেম্বর মঞ্চস্থব্য নাটকের টিকিট মিলনায়তনে পাওয়া যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন