মোঃ হাফিজুল ইসলাম শান্তঃ
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোছা. হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ টোল ঘর সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শান্তিবাগ টোল ঘরের পাশে হাজেরার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগে মোছা. হাজেরাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাজেরা গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মাতুব্বর।
পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে গলাচিপা থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গলাচিপা থানায় মামলা নং-২১, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনের যথাযথ প্রয়োগ অব্যাহত রাখা প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন