মোঃ মশিউর, দিনাজপুর,
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে দিনাজপুরে ৩০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় একযোগে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, পিভিএম, পিভিএমএস।
আয়োজকরা জানান, প্রথম ধাপে জেলার তিন উপজেলায় তালবীজ রোপণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৭ হাজার তালবীজ রোপণ করা হবে। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে মোট ৩০ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণের পর এসব তালবীজের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও বাহিনীর পক্ষ থেকে করা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও এ কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের এমন পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত করা হলে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে মানুষের আগ্রহ আরও বাড়বে।
তালগাছ গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাখির আবাসস্থল তৈরি এবং ফলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
পরিবেশ সংরক্ষণের ধারাবাহিকতায় এর আগে গত বছর দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল। এবার ৩০ হাজার তালবীজ রোপণের এ উদ্যোগ জেলার পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতজনিত ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন