মোঃ আজিজুল হাকিমপার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় এবং এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।
অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরা হয়। এ বছর প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি এবং ৭ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। এছাড়া এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের হার অর্জনের পাশাপাশি ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ৫২ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন