মোঃ ইলিয়াছ খানসালথা, উপজেলা
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর ও ফুকরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ সকাল ১১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বাড়িতে দুই পক্ষের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক বৈঠকের মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার আজাদ, সহসভাপতি মো. শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল রহমান মুকুল, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হক, অ্যাডভোকেট লাভলু, ফরিদপুর জেলা যুবদলের অন্যতম নেতা অ্যাডভোকেট এ আর লিটন, মো. সরোয়ার হোসেন মাতুব্বরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৈঠকে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। এ সময় সোনাপুর গ্রামের অ্যাডভোকেট লাভলু ও সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হক পরস্পরকে বুকে জড়িয়ে ধরে বিরোধের অবসানের বার্তা দেন।
এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দ ঘোষণা করেন, ভবিষ্যতে তারা আর কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না। অ্যাডভোকেট লাভলু বলেন, তার এলাকার কেউ কোনো অপরাধে জড়িয়ে পড়লে তিনি আইন অনুযায়ী সঠিক বিচার ও ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন। একইভাবে মাওলানা মো. আজিজুল হকও শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত দুই উপজেলার শীর্ষ নেতারা উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার জন্য ধন্যবাদ জানান। এ সময় বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, এ সমঝোতার মাধ্যমে সোনাপুর ও ফুকরা গ্রামের দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটবে এবং এলাকায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন