মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি:
ট্রাফিক আইনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানার প্রতিবাদে ঝালকাঠি শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক ও শ্রমিকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ অবরোধ শুরু হয়। এতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
অটো শ্রমিক দলের সভাপতি আলম হোসেনের নেতৃত্বে অটোরিকশাচালক ও শ্রমিকরা অবরোধে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের দায়ের করা মামলায় অটোরিকশাচালকদের ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। স্বল্প আয়ের চালকদের জন্য এ ধরনের জরিমানা পরিশোধ করা কঠিন হওয়ায় তারা জরিমানার পরিমাণ কমানোসহ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানান। এ বিষয়ে ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বলেন, সরকার নির্ধারিত আইন ও জরিমানার বিধান অনুযায়ীই মামলা করা হচ্ছে। কোনো চালককে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে জরিমানা করা হচ্ছে না।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর। তিনি অটোরিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনেন এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পরে পুলিশের আশ্বাসে অটোরিকশাচালক ও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন