মকবুল হোসেনময়মনসিংহ,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প তিনটি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইনোভেশন ফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ এবং বাজারজাতকরণের সঙ্গে যুক্ত করার পাশাপাশি একটি সমন্বিত ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মেলার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাজারমুখী করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এসব উদ্ভাবন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় এ মেলায় বাকৃবির অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়টি তিনটি স্টলের মাধ্যমে বিভিন্ন বিভাগের গবেষকদের নির্বাচিত ৩৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উদ্ভাবন, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শন করা হবে।
এ ছাড়া বাকৃবির ওপর নির্মিত ভিডিও, চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমের পোস্টার, লিফলেট ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। বাকৃবির গবেষণা ও উদ্ভাবন প্রদর্শন এবং শিক্ষার্থী ও গবেষকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঞা। সদস্য সচিব হিসেবে রয়েছেন এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। তিন দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে বাকৃবির সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ইনোভেশন ফেয়ার কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর, বাকৃবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, ফিশারিজ টেকনোলজির অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এবারের মেলায় ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এবং বড় করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। উদ্ভাবন প্রদর্শনীর পাশাপাশি তিন দিনে ৬টি প্লেনারি সেশন, ৬টি প্যারালাল সেশন ও ৫টি গোলটেবিল বৈঠকসহ মোট ১৭টি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন