মোঃ আব্দুর রাজ্জাক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র কল্যাণ সম্পাদক বাইজিদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা। ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগরের সাবেক প্রচার সম্পাদক ও ফোকাস কোচিংয়ের সাবেক পরিচালক সোহেল রানা, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম জেলা প্রচার সম্পাদক আবদুল হালিম রানা, সাবেক ছাত্রনেতা কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; মেধার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী থানা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি আহসান হাবিব ও সেক্রেটারি মিনহাজুল ইসলাম তাক্বী।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় ছাত্রশিবিরের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন