শহিদুল ইসলাম,
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয়। বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং পরিবেশ সুরক্ষায় তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন