প্রিন্স হালদার,
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, চিতলমারীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক, সরকারি স্থাপনা ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিচ্ছন্নতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী এ কর্মসূচির মূল লক্ষ্য ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। চিতলমারীতেও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন