মোঃ আশরাফুল সরদার,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই। শনিবার দিনব্যাপী শতাধিক মোটরসাইকেল, ভ্যানসহ কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে আব্দুল হাই স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দিনব্যাপী গণসংযোগ শেষে ইউনিয়নের বিলদহর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে চামারী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। তিনি বলেন, ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
আব্দুল হাই আরও বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও তরুণদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই।
তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত চামারী ইউনিয়ন গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য। গণসংযোগ ও পথসভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় মোটরসাইকেল ও ভ্যানের বহর নিয়ে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন