শালিখা: সুমন
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েছে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও খাদ্য কর্মকর্তা প্রবীর কীর্তনীয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, পিআইও মো. লালটু মিয়া, ওসি (তদন্ত) দেব্রত কুমার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, রিসোর্স অফিসার অপূর্ব কুমার মন্ডলসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন।
পরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্কাউটস, বিডিক্লিন ও আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। একই সঙ্গে মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়।
অভিযানকালে ডেঙ্গুর জীবাণুবাহী মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন