এ.কে. পলাশ,কুমিল্লা,
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অপর দুটি অভিযানে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্ট থেকে ১৫০ পিস ইয়াবাসহ সোহেল (২২)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক সেবনের অপরাধে আটক পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন