মোঃ
নুরুজ্জামান সাকিব,খুলনা, জেলাঃ
দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ক্লাবের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ জমজমাট। শেষ পর্যন্ত মোল্লা খাইরুল ইসলাম পরিষদের অধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী কে এম আশরাফুল আলম নান্নু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
তার বরাদ্দকৃত ব্যালট নম্বর ছিল ২। ভোট গণনা শেষে তিনি ১৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় স্টেডিয়াম চত্বরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন সমর্থকরা।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু বলেন, “যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় শুধু আমার নয়, এটি খুলনার ক্রীড়াপ্রেমী মানুষের বিজয়। আগামী দিনে খুলনার প্রতিটি উপজেলায় খেলার মাঠের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে খুলনার ক্রীড়াবিদদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করে যাব।
সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের আহ্বায়ক বলেন, নান্নু দীর্ঘদিন ধরে খুলনার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। ক্লাবগুলোর সুখে-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। তার দীর্ঘদিনের কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে অবদানের প্রতি আস্থা রেখেই ক্লাব প্রতিনিধিরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে এখন খুলনার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশাও বেড়েছে। বিশেষ করে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন