উত্তম কুমার শীল, নিজস্ব প্রতিবেদক
খেলায় শক্তি, খেলায় বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে স্থানীয় একদল তরুণের হাতে ফুটবল ও খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রামনগর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রামনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী তরুণসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল বিতরণ কর্মসূচিতে অতিথি ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং জাতীয় ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় কৃষ্ণ পদ। এছাড়া রামনগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিকসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক ও নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা, অতিরিক্ত মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় রামনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত ও উৎসাহিত করার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফুটবল ও খেলাধুলার সামগ্রী পেয়ে এলাকার তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিয়মিত মাঠে খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন