মোঃ হাফিজুল ইসলাম শান্ত
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গলাচিপা থানার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা শাহ আলম মৃধার বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির রান্নাঘরের ভেতর থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিকুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. দিদারুল ইসলাম জিকু মুশুরিকাঠী গ্রামের মো. শাহ আলম মৃধার ছেলে। তিনি আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জিকুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গলাচিপা থানায় মামলা নং-৩৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন