মোঃ আমিনুল ইসলামকুষ্টিয়া,
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ইন্তাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে ইন্তাদুল বাদালের সঙ্গে তার আপন ভাই বজলু বাদাল ও ভাতিজা হানিফ বাদালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বজলু বাদাল হাসুয়া দিয়ে ইন্তাদুলের গলা ও হাতে কোপ দেন বলে স্থানীয়রা জানান। ইন্তাদুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার চাচাতো ভাইয়ের ছেলে বাবু বাদাল ও ছেলে তপন বাদালও হাসুয়ার আঘাতে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইন্তাদুল বাদালের মৃত্যু হয়।
আহত বাবুকে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং তপন বাদালকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত বজলু বাদাল ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদুর রহমান জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমিজমা নিয়ে বিরোধের জেরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন