মামুন হোসেন খান,চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করলেও সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রায় পাঁচ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। প্রায় ২০ দিন ধরে জলাবদ্ধতা ও বন্যার পানিতে দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।
পানিবন্দি ইউনিয়নগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দুর্লভপুর। এসব এলাকার অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। পাশাপাশি পানিবন্দি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ২৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।
এদিকে বন্যার পানিতে জেলার বিভিন্ন এলাকায় ২০৬ দশমিক ৪ হেক্টর জমির আমন-আউশ ধান, পেঁয়াজ, শাকসবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর পানি গত পাঁচ দিন ধরে কমছে। মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও মঙ্গলবার থেকে কমতে শুরু করেছে। তবে পানি পুরোপুরি নেমে যেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন